ঢাকা

টিফিনের আনন্দ মুহূর্তে শোকে: গোসল করতে গিয়ে প্রাণ হারাল ৪ মাদরাসা শিক্ষার্থী

নরসিংদীর রায়পুরা উপজেলায় টিফিনের বিরতিতে মাদরাসার পাশের একটি বিলে গোসল করতে নেমে চার শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় অবস্থিত গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদরাসা সংলগ্ন বিলে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো তাবিয়া (১৩), আয়েশা (৯) ও জান্নাত (৮)। আয়েশা ও জান্নাত আপন দুই বোন। অপর এক শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা সবাই ওই মাদরাসার শিক্ষার্থী ছিল।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যথারীতি মাদরাসার ক্লাস শেষে টিফিনের ছুটি শুরু হয়। এ সময় ছয়জন শিশু শিক্ষার্থী পাশের বিলে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে একজন শিশু পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে অন্যরা পানিতে ঝাঁপ দেয়। এতে আরও কয়েকজন পানিতে ডুবে যায়।

 

খবর পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালান। পরে অচেতন অবস্থায় তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এরপর আরও একজন শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, “হাসপাতালে তিনজনের মরদেহ পেয়েছি। শুনেছি আরও একজনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।”



সম্পর্কিত খবর