রংপুর

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে প্রচারণা শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে শহরের রিভারভিউ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে গণসংযোগের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন। এসময় তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

 

গণসংযোগকালে মির্জা ফয়সল আমিন সাংবাদিকদের বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ঠাকুরগাঁও-১ আসনের মানুষ ধানের শীষ প্রতীকে রায় দেবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা নির্বাচনী আচরণবিধি মেনে সুশৃঙ্খলভাবে প্রচার চালিয়ে যাচ্ছি।”

 

নির্বাচনী চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি আরও বলেন, “বর্তমানে বড় কোনো চ্যালেঞ্জ দেখছি না। কিছু ষড়যন্ত্রকারী মহল অতীতে নির্বাচন বানচালের চেষ্টা করেছিল এবং এখনো লিপ্ত রয়েছে। তবে দেশের আপামর জনসাধারণ নির্বাচনকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। আমরা একটি দ্রুত ও সুষ্ঠু নির্বাচন চাই।” সংস্কার ও গণভোট প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বিএনপি ইতোমধ্যে সংস্কার সনদে স্বাক্ষর করেছে এবং সেই আলোকেই দলের প্রচারণা চলছে।

 

জেলা বিএনপির নেতারা জানান, আগামী দিনগুলোতে সদর আসনের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে গণসংযোগ ও সাংগঠনিক প্রচারণা আরও জোরদার করা হবে।

 



সম্পর্কিত খবর