বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ঠাকুরগাঁও সফর ও জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা শাখা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাল্টা অভিযোগ তুলেছে দলটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান জানান, শুক্রবার (২৩ জানুয়ারি) জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ ১০ দলীয় জোটের শীর্ষ নেতারা ঠাকুরগাঁওয়ে জনসভায় ভাষণ দেবেন। এই সফরকে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য ‘ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ’ হিসেবে উল্লেখ করে তিনি এটি সফল করার আহ্বান জানান।
এ সময় জেলা বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে বেলাল উদ্দিন প্রধান বলেন, “নির্বাচনী নিয়মানুযায়ী রাত ১২টার আগে প্রচারণা চালানোর সুযোগ নেই। অথচ বিএনপি সন্ধ্যা থেকেই ব্যানার ও ফেস্টুন লাগানো শুরু করেছে। আমরা বিষয়টি নিয়ে ইতিমধ্যে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি।”
সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সহকারী জেলা সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, পৌর আমির অধ্যক্ষ সামসুজ্জামান শামীম এবং সদর আমির মাওলানা মিজানুর রহমান।