আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
বুধবার (৬ মে) আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, গবেষক ও কর্মকর্তাদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এবারের প্রতিপাদ্য ছিল “আইপি অ্যান্ড স্পোর্টস: রেডি, সেট, ইনোভেট”, যার আলোকে তরুণ প্রজন্মের মেধাকে সম্পদে রূপান্তর এবং উদ্ভাবনভিত্তিক টেকসই ভবিষ্যৎ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।
সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, গবেষণা ও উদ্ভাবনের বিস্তারের সঙ্গে সঙ্গে মেধাস্বত্বের গুরুত্বও বাড়ছে। উদ্ভাবকদের যথাযথ স্বীকৃতি ও বাণিজ্যিকীকরণের সুযোগ নিশ্চিত করতে মেধাস্বত্বের আইনগত সুরক্ষা অপরিহার্য। তিনি আরও বলেন, মেধাস্বত্ব বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ছাড়া গবেষণার সঠিক মূল্যায়ন সম্ভব নয়। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজনের ওপর গুরুত্ব দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে মেধাস্বত্ব সুরক্ষার বিধি-বিধান ও নীতিমালা সম্পর্কে সম্যক ধারণা রাখা জরুরি। এ ধরনের আয়োজন সংশ্লিষ্টদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এর মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।