তারেক রহমানের নেতৃত্বে আমরা হেঁটে হেঁটে দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছিলাম। তাঁরই নির্দেশে জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আমরা সাধারণ মানুষ বাকস্বাধীনতা, গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য রাজপথে নেমেছিলাম। জুলাই গণঅভ্যুত্থানে পঞ্চগড়ের যে ৫ জন কৃতী সন্তান শহীদ হয়েছেন, আমি তাঁদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যাঁরা আহত হয়েছেন তাঁদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বুধবার (৫ আগস্ট) সকালে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্ক চত্বরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
পানিসম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, “তারেক রহমান তাঁর নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলেন বিএনপি ক্ষমতায় গেলে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করবে। তিনি তাঁর দেওয়া কথা রেখেছেন। সরকার দায়িত্ব গ্রহণের পর পর্যায়ক্রমে জুলাই সনদের প্রতিটি বিষয় বাস্তবায়ন করা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। তারা যেন আর নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ১৯৭১ সালের স্বাধীনতা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে যাব।”
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত বীর যোদ্ধাদের স্মরণে এবং গণতন্ত্র ও ন্যায়বিচারের চেতনাকে সমুন্নত রাখার লক্ষ্যে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণের আয়োজন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে নিহত শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য দেন পঞ্চগড় জেলা প্রশাসক মোছাঃ শুকরিয়া পারভীন, পঞ্চগড় জেলা পুলিশ সুপার আবু সায়েম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট এম এ বারী, আহত জুলাই যোদ্ধা ফাতেমা আক্তার, আব্দুল্লাহ আল মাসুদ, শহীদ সাগরের বাবা নবিউল ইসলাম, এবং জুলাই যোদ্ধাদের প্রতিনিধি মোকাদ্দেসুর রহমান সান ও ফজলে রাব্বি।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা পুলিশ, আনসার ও ভিডিপি, সিভিল সার্জন কার্যালয়, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরীফ হোসেন, পঞ্চগড় প্রেসক্লাব, ‘আমরা জুলাই যোদ্ধা’, বেসরকারি মানবাধিকার সংগঠন ‘অধিকার’সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।