খুলনা

দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান 'দিনাজপুর ইনস্টিটিউট'-এর ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে শনিবার সকাল ১১টায় শহরের জেলরোডস্থ প্রতিষ্ঠানের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. আবু বকর ছিদ্দীক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ।

 

শুরুতে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে ৩৩তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ মিরাজুল ইসলাম এবং গীতা পাঠ করেন অঙ্কন দত্ত।

 

দিনাজপুর ইনস্টিটিউটের যেসকল সম্মানিত সদস্য বিগত দিনে মৃত্যুবরণ করেছেন— আ.ন.ম গোলাম রব্বানী, সুনীল চক্রবর্তী, এনায়েত এ মওলা জিন্নাহ, বাবু সত্য ঘোষ ও আব্দুর রহিমসহ অন্যান্য সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। একই সাথে প্রয়াতদের রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনা করে শোক প্রস্তাব উপস্থাপন করেন অ্যাডভোকেট নুরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক মো. মোকাররম হোসেন।

 

এরপর বিগত সভার সিদ্ধান্তাবলি পাঠ ও অনুমোদন বিষয়ে উপস্থাপন করেন আতিকুর রহমান নিউ। সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু। কোষাধ্যক্ষ কর্তৃক আয়-ব্যয়ের হিসাব পেশ ও অনুমোদনের জন্য উপস্থাপন করেন মকশেদ আলী মঙ্গোলিয়া। আগামী বছরের জন্য বহিরাঙ্গন অডিটর নিয়োগ ও অডিটর সম্মানী ভাতা প্রদানের লক্ষ্য নির্ধারণসহ অডিটরের রিপোর্ট পেশ ও অনুমোদন করেন আতিকুর রহমান নিউ। বাজেট পেশ ও অনুমোদনের জন্য উপস্থাপন করেন বাবু অশোক কুমার কুন্ডু।

 

সভাপতির অনুমতি সাপেক্ষে প্রতিবেদনের ওপর মুক্ত আলোচনায় অংশ নেন দিনাজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম ও সদস্য এ কে এম মেহেরুল্লাহ বাদল। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় দিনাজপুর ইনস্টিটিউটের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষে আগামী ২০২৬-২০২৯ তিন বছর মেয়াদি দিনাজপুর ইনস্টিটিউটের কার্যনির্বাহী নতুন কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের চেয়ারম্যান মো. নাজমুল হক।

 

নবগঠিত কমিটির কর্মকর্তারা হলেন— সভাপতি আব্দুস সামাদ; সহসভাপতি মো. মোকাররম হোসেন, শহিদুর রহমান পাটোয়ারী মোহন ও প্রকৌশলী মো. মহিউদ্দিন আলমগীর; সাধারণ সম্পাদক সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু; সহ-সাধারণ সম্পাদক খন্দকার আরিফুজ্জামান নাঈম, মো. আবুল কালাম আজাদ ও আতিকুর রহমান নিউ; কোষাধ্যক্ষ মো. মকশেদ আলী মঙ্গোলিয়া; অভ্যন্তরীণ হিসাব পরীক্ষক কুমার কুন্ডু; ক্রীড়া সম্পাদক মো. রায়হানুল ইসলাম; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক সরদার মোহাম্মদ শফিউল আলম বুলবুল।

 

কার্যনির্বাহী সদস্যবৃন্দ যথাক্রমে— শামসুজ্জামান চৌধুরী বাবু, রেজা হুমায়ুন ফারুক, অ্যাডভোকেট নুরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুস সাঈদ, অ্যাডভোকেট আমিরুল ইসলাম তুফান, এ কে এম মেহেরুল্লাহ বাদল, মো. শামীম শেখ, মোহাম্মদ নুরুজ্জামান, মনজুর মুর্শেদ সুমন, সমীরণ কুমার ঘোষ ও ইসলাম উদ্দিন আহমেদ বাবু।



সম্পর্কিত খবর