রংপুর

দিনাজপুরে অবৈধ ইজিবাইক সংগঠনের কার্যক্রম বন্ধের দাবি

দিনাজপুরে রেজিস্ট্রেশনবিহীন একটি ইজিবাইক সংগঠনের বেআইনি কর্মকাণ্ড বন্ধ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর সদর উপজেলা অটোরিকশা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

 

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত দাবিদার 'জেলা ব্যাটারিচালিত ইজিবাইক মালিক-শ্রমিক-চালক সোসাইটি' অবৈধ হওয়া সত্ত্বেও গত ৫ ফেব্রুয়ারি থেকে শহরে অটোরিকশা চালকদের ওপর চড়াও হচ্ছে। তারা সাধারণ চালকদের চাবি কেড়ে নেওয়া, যানবাহন ভাঙচুর এবং অসুস্থ রোগী ও শিক্ষার্থীদের নামিয়ে দেওয়ার মতো অমানবিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।

 

সদর উপজেলা অটোরিকশা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নয়ন ও সাধারণ সম্পাদক মো. আরমান বলেন, “নিষিদ্ধ হওয়ার পরও এই নামসর্বস্ব সংগঠনটি রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা সাধারণ চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই অবৈধ সংগঠনের সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করার দাবি জানাচ্ছি।”

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন। তিনি জানান, অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে শহরের পরমাণু চিকিৎসা কেন্দ্র সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন ভুক্তভোগী শ্রমিকেরা।



সম্পর্কিত খবর