“হেরার আলো ছড়িয়ে পড়ুক সবার জীবনজুড়ে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে আন-নুজুম ইসলামিক একাডেমি (মাদ্রাসা)-র উদ্যোগে শিক্ষা প্রদর্শনী, আলোচনা সভা, শিক্ষা সেমিনার ও পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ আগস্ট (শনিবার) সকাল ১১টায় সদর উপজেলার বালুয়াডাঙ্গা মোড়স্থ শাহ কমপ্লেক্সে আন-নুজুম ইসলামিক একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শোয়াইবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল আলম, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বকর ছিদ্দীক, সহ-সভাপতি মোঃ শামীম কবির, ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মুফতি সাব্বির আহমাদ, হাজী ডেভেলপার্স লিমিটেডের খাদেমুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মহসিন আলীসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও ইসলামী সংগীত পরিবেশন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারী, ইসলামী শিল্পী ও তরুণ বক্তা মাওলানা জুবায়ের আহমাদ তাশরীফ।
আন-নুজুম ইসলামিক একাডেমির পরিচালক মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের অপর পরিচালক মোঃ রাকিব ইসলাম।
এদিকে, টেসল বিডি বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইয়াসিরের সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটির দিনাজপুর শাখা কর্তৃক আন-নুজুম ইসলামিক একাডেমিতে দুই দিনব্যাপী (৮ ও ৯ আগস্ট) বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে ৮ আগস্ট সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শিক্ষকদের জন্য এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইংরেজি শিক্ষার ক্লাসের আয়োজন করা হয়। আগামীকাল ৯ আগস্ট (রবিবার) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এই ক্লাস অনুষ্ঠিত হবে।
একই সঙ্গে শুদ্ধ ইংরেজি শেখার মাধ্যম হিসেবে আন-নুজুম ইসলামিক একাডেমি প্রাঙ্গণে টেসল বিডি বাংলাদেশ, দিনাজপুর ফ্র্যাঞ্চাইজি শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।