পঞ্চগড়ের দেবীগঞ্জে রাসায়নিক দ্রব্য প্রয়োগে বাঁশ, কাঠ ও ছন ইত্যাদির ব্যবহারিক আয়ুষ্কাল বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৪ মে বৃহস্পতিবার সকালে দেবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। নীলফামারীর ডোমার উপজেলার আঞ্চলিক বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র (বিএফআরআই) এ কর্মশালার আয়োজন করে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের তত্ত্বাবধানে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈম মোর্শেদ ও ডোমার উপজেলা বাঁশ গবেষণা কেন্দ্রের (বিএফআরআই) আরবিআরটিসির গবেষণা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম। স্বাগত বক্তব্য দেন ফিল্ড ইনভেস্টিগেটর সোহেল রানা।
রাসায়নিক দ্রব্য প্রয়োগে বাঁশ, কাঠ ও ছন ইত্যাদির স্থায়িত্ব বৃদ্ধি ও সঠিক ব্যবহার সম্পর্কে ধারণা প্রদান এবং প্রশিক্ষণার্থীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ফার্নিচার ব্যবসায়ী, বাঁশের কারিগর, কাঠমিস্ত্রি ও বাঁশচাষিরা অংশগ্রহণ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০ টাকা সরকারি রাজস্ব খাতে জমা দিয়ে এক কর্মদিবসের মধ্যে ডোমার আঞ্চলিক কার্যালয় হতে ১২-১৩ প্রজাতির বাঁশের চারা সংগ্রহ করা যাবে।