রংপুর

দেবীগঞ্জে বিদ্যালয়ে এসেই মৃত্যুর কোলে ঢলে পড়ল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অনুপমা

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রতিদিনের মতই বিদ্যালয়ে আসছিল দেবীগঞ্জ রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী অনুপমা রায়। বিদ্যালয়ে এসেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে অনুপমা রায় (১২)। নামে ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থী। লুটিয়ে পড়ার সাথে সাথেই তার মৃত্যু হয়।

বুধবার (২৯ এপ্রিল) সকালের দিকে দেবীগঞ্জ পৌর এলাকার ভিতরে দেবীগঞ্জ রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত অনুপমা রায় দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা বানিয়াপাড়া এলাকার রবীন্দ্রনাথ রায়ের মেয়ে।

রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয় সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো আজকে সকালেও অনুপমা বাইসাইকেলে করে বাসা থেকে স্কুলে আসে। বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছে সাইকেল গ্যারেজে রাখার পরপরই সে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। লুটিয়ে পড়ার সাথে সাথে বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে ৫০ শয্যা বিশিষ্ট দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

স্কুল শিক্ষার্থী অনুপমা রায়ের মৃত্যুর খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে যান দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। পরে হাসপাতালে থাকা শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. গোপাল চন্দ্র রায় বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ধারনা করা হচ্ছে বিদ্যালয় বা হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে।

রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, অনুপমা স্কুলে এসে সাইকেল থেকে নামার সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যায়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

অনুপমা রায়ের মৃত্যুতে বিদ্যালয় ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে সহপাঠী শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন। 



সম্পর্কিত খবর