দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। একই সঙ্গে ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তরের চেতনাবিরোধী শক্তি এবং স্বাধীনতার বিরোধীদের সঙ্গে হাত মেলায়, তাদের বিরুদ্ধেও দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহাড়ী ইউনিয়নের বোয়ালমারী বারুণী এলাকায় করতোয়া নদীর ২৩০ মিটার তীররক্ষা কাজের উদ্বোধনে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধী ছিল এবং স্বাধীনতা চায়নি, আজ তারাই দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে স্বাধীনতার শত্রুদের সঙ্গে গোপন চক্রান্ত চালিয়ে যাচ্ছে।
প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বিএনপির ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে বলেন, ১৯৭১ সালে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যুদ্ধ করেছিলেন এবং দেশ পরিচালনায় নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৯০ সালে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন সফল করতেও বিএনপি ভূমিকা রেখেছে। তবে এর বিপরীতে জামায়াত বা অন্যান্য দলের সঙ্গে বিএনপির আদর্শিক পার্থক্য রয়েছে। বিএনপি সবসময় দেশের স্বার্থ, গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং দেশের মানুষের অধিকার বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছে। দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হলেও বিএনপি কখনো কারও সঙ্গে আপস করেনি।
পরিশেষে সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে আগামীর স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকলেও দেশের স্বার্থে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্ম-বর্ণের মানুষকে স্থানীয় নির্বাচনে নিজ নিজ প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
এর আগে প্রতিমন্ত্রী করতোয়া নদী এলাকা পরিদর্শন করে নামফলক উদ্বোধন করেন। একই সঙ্গে এক আলোচনা সভায় অংশ নেন তিনি। এ সময় পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, থানা পুলিশসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।