দেশে একটা দল বা গোষ্ঠী আছে, যারা জনগণকে নানা মিথ্যা কথা বলে বিভ্রান্ত করছে যে আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। অথচ জুলাই সনদ আমরাই তৈরি করেছি। বিভ্রান্তি ছড়ানো সেই দলটির নাম জামায়াত। এ দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না। তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল। আমরা কোনোমতেই তাদের ক্ষমতায় আনতে পারি না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন শেষে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোর দিয়ে বলেন, "জুলাই সনদটা আমাদেরই তৈরি, সংস্কারটা আমাদেরই। কারণ, বহু বছর আগে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন।"
এ সময় তাঁর সাথে বিমানবন্দর পরিদর্শনে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা (বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি) আফরোজা খানম এবং অন্যান্য নেতৃবৃন্দ।
ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করা নিয়ে তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে বিমানবন্দরটি চালু করা হবে।
অনুষ্ঠানে আফরোজা খানম বলেন, "আপনাদের ধৈর্য ধরতে হবে। একটু সময় লাগবে। আমরা এমনভাবে কাজটা করতে চাই না যা দুই দিন পর বন্ধ হয়ে যায়। আমরা স্থায়ী বন্দোবস্ত করতে চাই। তারেক রহমানের নেতৃত্বে যে ওয়াদা করে গেলাম, সেটা যাতে রক্ষা করতে পারি। যত তাড়াতাড়ি সম্ভব বিমানবন্দরটি চালু করা হবে, এই বিশ্বাসটুকু রাখুন। যত কম সময়ের মধ্যে চালু করা দরকার, সেজন্য আমরা রাত-দিন পরিশ্রম করব।"
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির নেতা-কর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিল্পপতি, ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।