খুলনা

নড়াইলে বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক, লক্ষ্যমাত্রা ছাড়ানোর সম্ভাবনা

নড়াইল জেলায় অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত কৃষি উপকরণের সহজলভ্যতায় পুরোদমে শুরু হয়েছে বোরো ধান রোপণ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত তিন বছরের রেকর্ড ভেঙে এ বছর জেলায় ৫০ হাজার ২৯৭ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

শীত ও কুয়াশার দাপট কাটিয়ে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকেরা। সদর উপজেলার চৌগাছা গ্রামের কৃষক ইব্রাহিম শেখ জানান, বর্তমানে বীজতলা বা চারার কোনো সংকট নেই এবং আবহাওয়া অনুকূলে থাকায় কাজ দ্রুত এগোচ্ছে। আরেক কৃষক সাগর শেখ বলেন, “রডমিনিকেট জাতের ধান রোপণ করছি। বর্তমানে সার, কীটনাশক ও সেচ ব্যবস্থাপনায় কোনো সমস্যা হচ্ছে না।”

 

কৃষি বিভাগ জানায়, এ বছর জেলায় ২ হাজার ৬৩৫ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে, যার ৬০ শতাংশই আদর্শ বীজতলা। আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহারে চাষাবাদে সময় ও খরচ দুই-ই কমছে। শেষ পর্যন্ত আবহাওয়া প্রতিকূল না হলে এবার বাম্পার ফলনের আশা করছেন সংশ্লিষ্টরা।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান বলেন, “বিগত তিন বছরের ব্যবধানে জেলায় বোরো আবাদ বেড়েছে। লক্ষ্যমাত্রা অর্জনে আমরা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। সার ও সেচ ব্যবস্থাপনা বর্তমানে সন্তোষজনক পর্যায়ে রয়েছে।”



সম্পর্কিত খবর