নরসিংদীতে আধুনিক আবাসন নিশ্চিতে ‘ব্রাহ্মন্দী স্কয়ার’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে শহরের ব্রাহ্মন্দী স্কয়ার প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে ভিটা বাড়ি ডেভেলপমেন্ট লিমিটেডের এই নতুন প্রকল্পের যাত্রা শুরু হয়।
ভিটা বাড়ি ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নরসিংদীর ক্রমবর্ধমান আবাসন চাহিদা মেটাতে এবং পরিকল্পিত নগরায়ণে ব্রাহ্মন্দী স্কয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা গ্রাহকদের গুণগত মান ও আধুনিক সুযোগ-সুবিধার নিশ্চয়তা দিচ্ছি।”
মাওলানা ইসমাইল হোসেন নূরপুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক ও লেখক নাজমুল ইসলাম, ইসলামী চিন্তাবিদ আবুল কালাম আজাদ এবং স্বপ্ন নীড় প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন। এছাড়া নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ এ সময় উপস্থিত ছিলেন।
বক্তারা নরসিংদীর আবাসন খাতের প্রসারে বেসরকারি উদ্যোক্তাদের ভূমিকার প্রশংসা করেন এবং প্রকল্পের সাফল্য কামনা করেন। এম ওবায়েদুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রকল্পের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইসমাইল হোসেন। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতারা অংশ নেন।