নরসিংদীর পলাশে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৩ মে) সকালে উপজেলার চরসিন্দুর থেকে তাঁদের গ্রেপ্তার করে পলাশ থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো—পলাশ নতুন বাজার গ্রামের আব্দুর রশীদের ছেলে মো. কামরুল ইসলাম (২৮), চরসিন্দুর গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত রিপন মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম পাশা (২৩) ও একই গ্রামের দক্ষিণপাড়ার মৃত আবু সাঈদের ছেলে মো. শরীফুল ইসলাম (৩৫)।
পলাশ থানা সূত্র জানায়, আজ সকাল সাড়ে আটটায় গোপন সংবাদের ভিত্তিতে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চরসিন্দুর গ্রামের মধ্যপাড়া সড়কের ওপর অভিযান পরিচালনা করে থানা-পুলিশের একটি টিম। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে কামরুল ইসলাম, রফিকুল ইসলাম পাশা ও শরীফুল ইসলাম নামে তিন মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পলাশ থানার এসআই মোহাম্মদ ইউসুফ আলী খান জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে চরসিন্দুরের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় তাঁদের বিরুদ্ধে পলাশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এরপর তাঁদের আজই নরসিংদী আদালতে সোপর্দ করা হয়েছে।