নরসিংদীর শিবপুরে বিল্লাল হোসেন নামে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার কলেজ গেট এলাকায় একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিল্লাল হোসেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার হাসান আলীর ছেলে। তিনি শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ গেট এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন বিল্লাল হোসেন। বৃহস্পতিবার সকালে তিনি নিজ কক্ষের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান করছিলেন। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং স্থানীয় লোকজনকে খবর দেন।
পরে স্থানীয়দের সহায়তায় দরজা খুলে কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে।