খুলনা

নরসিংদীর মনোহরদীতে জমির সীমানায় নারকেল গাছ কাটা নিয়ে বিরোধ, স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

নরসিংদীর মনোহরদীতে জমির সীমানায় থাকা একটি নারকেল গাছ কাটাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার বিরোধের জেরে মিজান মিয়া (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় জীবন মিয়া (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

 

শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত মিজান মিয়া বড়চাপা পূর্বপাড়া গ্রামের সফুর উদ্দিনের ছেলে। তিনি বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ছিলেন। অভিযুক্ত জীবন মিয়া একই এলাকার শহীদুল্লাহর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শহীদুল্লাহ স্থানীয় আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সহসভাপতি ছিলেন।

 

নিহতের স্বজনেরা জানান, দীর্ঘদিন ধরে বাড়ির পাশের একটি রাস্তা ও জমির সীমানা নিয়ে মিজান মিয়া ও তাঁর চাচা শহীদুল্লাহর মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।

 

শনিবার দুপুরে রাস্তার পাশে থাকা একটি নারকেল গাছ কাটতে গেলে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষের সময় জীবন মিয়া ধারালো অস্ত্র দিয়ে মিজান মিয়ার মাথায় আঘাত করেন বলে অভিযোগ করেন স্বজনেরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. খন্দকার আনিসুর রহমান বলেন, “মিজান মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।”

 

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, “চাচা-ভাতিজার জমিসংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহের সুরতহাল শেষে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

 

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে ঘটনার তদন্ত শুরু করেছে।

 


সম্পর্কিত খবর