চট্টগ্রাম প্রতিদিন

নাসিরনগরে খালেদা জিয়ার শোক সভায় জীবনীগ্রন্থ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোক সভায় তাঁর জীবনীভিত্তিক গ্রন্থ ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ বিতরণ করা হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নাসিরনগর সরকারি কলেজ সংলগ্ন চেয়ারম্যান মার্কেট মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

 

উপদেশক ও বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ রচিত এই বইটি সভায় উপস্থিত নেতা-কর্মীদের মাঝে উপহার হিসেবে তুলে দেওয়া হয়। নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রার্থী এম এ হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইগুলো বিতরণ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন, “বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তাঁর বর্ণাঢ্য জীবন নিয়ে নাসিরনগরের কৃতি সন্তান সৈয়দ আবদাল আহমেদ যে গ্রন্থটি রচনা করেছেন, তা আমাদের জন্য গর্বের। এই বইয়ের মাধ্যমে নতুন প্রজন্ম দেশনেত্রীর ত্যাগ ও সংগ্রামী জীবন সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবে।”

 

নাসিরনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম খালেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ শফিন এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী। সভায় স্থানীয় ওলামায়ে কেরাম, সাংবাদিক ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভার শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



সম্পর্কিত খবর