ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার দুপুরে মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী দুই বন্ধু সদর থেকে দাঁতমন্ডলের দিকে যাওয়ার পথে নাসিরনগর সদরের মহিন্দুর স'মিলের পাশে আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
ওই বৃদ্ধের নাম কুঞ্জ মোহন সূত্রধর (৬০)। তিনি নাসিরনগর উপজেলার নাসিরপুর এলাকার রমনী মোহনের ছেলে।
প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক নয়ন জানান, নাসিরনগর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নাসিরনগর থানা-পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক সোহেল শিকদার।