ঢাকা

নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণে গবেষণা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণার পরিধি আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলা এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উচ্চ বিদ্যালয় মাঠে ‘নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তায় বিএআরআইয়ের অবদান, বর্তমান অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক উপস্থাপনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বা সংশ্লিষ্ট দায়িত্বে উপস্থিত ছিলেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি তাঁর বক্তব্যে কৃষিপণ্যের সংরক্ষণব্যবস্থা উন্নত করা এবং দেশের কৃষিকে বিশ্ববাজারের উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

এর আগে রাষ্ট্রপতি বারির প্রধান কার্যালয়ে পৌঁছালে কৃষিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, কৃষি মন্ত্রণালয়ের সচিব, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, জেলা পুলিশ সুপার ও ইনস্টিটিউটের বিজ্ঞানীরা তাঁকে স্বাগত জানান। পরে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

অনুষ্ঠানের আগে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ‘বারি জিন ব্যাংক’ পরিদর্শন করেন। এ সময় তিনি বৃক্ষরোপণ করেন এবং ইনস্টিটিউটের প্রযুক্তি প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির। নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তায় বারির অবদান, বর্তমান অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন ইনস্টিটিউটের পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, কৃষিবিজ্ঞানী, বারির বিভিন্ন কেন্দ্র, বিভাগ ও শাখার জ্যেষ্ঠ বিজ্ঞানী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

 


সম্পর্কিত খবর