নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ ঘোষণা দিয়েছেন, নির্বাচনে জয়ী হলে তিনি জেলায় মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিল্প-কলকারখানা স্থাপন করবেন। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের নাকশী-মাদরাসা বাজার এলাকায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি দেন।
ড. ফরিদুজ্জামান ফরহাদ তাঁর বক্তব্যে এলাকার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরে বলেন, “বেকার সমস্যা দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি নড়াইল জেলা হাসপাতালে দ্রুত ২৫০ শয্যা চালু এবং লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিকায়ন করা হবে। এছাড়া ফোরলেন সড়ক নির্মাণসহ গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আনা হবে।” তিনি এ সময় কঠোর হস্তে মাদক নির্মূলের অঙ্গীকারও ব্যক্ত করেন।
আউড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মুর্শেদ জাপল, টিপু সুলতান এবং সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান।
জনসভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।