চট্টগ্রাম প্রতিদিন

নোবিপ্রবিতে ‘ওবিই কোয়েশ্চেনিং অ্যান্ড স্মার্ট অ্যাসেসমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষকদের অংশগ্রহণে ‘ওবিই কোয়েশ্চেনিং অ্যান্ড স্মার্ট অ্যাসেসমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘আমাদের এখন ওবিই (আউটকাম-বেজড এডুকেশন) কারিকুলাম বাস্তবায়নের সময় এসেছে। আমরা আগামী শিক্ষাবর্ষ থেকেই এ কার্যক্রম শুরু করতে চাই। এ লক্ষ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক যেন ওবিই কারিকুলাম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারেন এবং যথাযথভাবে তা বাস্তবায়নে সক্ষম হন, সে জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।’

উপাচার্য আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যেসব বিভাগ এখনো ওবিই কারিকুলামের আওতায় আসেনি, তাদের শিগগিরই এ কার্যক্রমের আওতায় নিয়ে আসা হবে। পাশাপাশি প্রচলিত পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিকে আরও কার্যকর, আধুনিক ও যুগোপযোগী করতে নতুন কী কী পদ্ধতি সংযোজন করা যায়, সে বিষয়েও আমাদের অনুসন্ধান ও প্রস্তুতি অব্যাহত রাখতে হবে।’ এ সময় প্রশিক্ষণের মাধ্যমে ওবিই কারিকুলাম তৈরি, প্রশ্ন প্রণয়ন ও স্মার্ট অ্যাসেসমেন্ট বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন।

কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী। কোর্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (কিউএ) অধ্যাপক ড. মো. শিবলুর রহমান এবং প্রোগ্রাম মডারেটর ছিলেন অতিরিক্ত পরিচালক (ইটিএল) জি এম রাকিবুল ইসলাম। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা অংশ নেন।



সম্পর্কিত খবর