মাদক সেবনে বাধা দেওয়ায় নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে কৃষক মানসুর মোল্লাকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মানসুর কদমতলা গ্রামের হাবি মোল্লার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত যুবক কদমতলা গ্রামের লিপটন মোল্লার ছেলে হাসিব মোল্লা (২০) পলাতক রয়েছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবনে বাধা দেওয়ায় গত শুক্রবার নড়াইলের পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কাসেদ মোল্লার সঙ্গে তাঁর বংশের হাসিব মোল্লার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্ত হাসিব ইউপি সদস্য কাসেদ মোল্লাকে কিল-ঘুষি মারেন।
এরপর শনিবার রাত ১০টার দিকে হাসিব কদমতলা ত্রিমোহনার মোড়ের দোকানে যান। এ সময় ভুক্তভোগী সদস্য কাসেদের চাচাতো ভাই মানসুর ও নূর ইসলাম অভিযুক্ত হাসিবের কাছে জানতে চান—কেন কাসেদের গায়ে হাত তোলা হয়েছে। এ সময় হঠাৎ করেই ধারালো অস্ত্র বের করে হাসিব ভুক্তভোগী মানসুর ও নূর ইসলামকে কোপাতে শুরু করেন। এতে গুরুতর আহত মানসুরকে খুলনায় নেওয়ার পথে জামরিলডাঙ্গা ফুটবল মাঠের কাছাকাছি পৌঁছালে তিনি মারা যান। আহত নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য কাসেদ মোল্লা বলেন, ‘হাসিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাঁকে মাদক সেবন করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে সে আমাকে লাঞ্ছিত করে। এরপর ধারালো ছুরিকাঘাতে মানসুর ও নূর ইসলামকে কুপিয়ে হতাহতের ঘটনা ঘটিয়েছে।’ নিহত মানসুরের মরদেহের ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’