রংপুর

পঞ্চগড়কে বিশ্বদরবারে পরিচিত করবে বিএনপি: ব্যারিস্টার নওশাদ

দেশের সামগ্রিক উন্নয়ন ও পঞ্চগড়কে একটি আধুনিক জেলায় রূপান্তরের মাধ্যমে বিশ্বদরবারে পরিচিত করার অঙ্গীকার করেছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। শনিবার বিকেলে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

 

পঞ্চগড়-১ আসনে ধানের শীষের এই প্রার্থী বলেন, “বিএনপি সরকার গঠন করলে দেশকে ৫০ থেকে ১০০ বছর এগিয়ে নিয়ে যাবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বিচার বিভাগের স্বাধীনতা ও জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই।”

 

ব্যারিস্টার নওশাদ জমির তাঁর বক্তব্যে দলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষি কার্ড প্রদান করা হবে। পঞ্চগড়ের বন্ধ চিনিকলটি পুনরায় চালুর পাশাপাশি এখানে বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হবে।” তিনি আরও জানান, তরুণদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, পাবলিক লাইব্রেরি এবং শ্রমিকদের কর্মসংস্থানের জন্য গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে তাঁর দলের।

 

জেলা বিএনপির সভাপতি জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল ও অ্যাডভোকেট আদম সুফি। বক্তারা পঞ্চগড়কে একটি আধুনিক পৌরসভা ও পাথর-চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন। সভায় ১১-দলীয় জোটের শরিক দল ওলামায়ে ইসলাম ও গণসংহতি আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর