অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গণভোট সম্পন্ন করতে পঞ্চগড়ে গ্রাম পুলিশের সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সদর উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
সভায় গণভোটের গুরুত্ব, আইনগত দিক, ভোট গ্রহণ প্রক্রিয়া এবং মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, "গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের সরাসরি মতামতের প্রতিফলন ঘটে। এই প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। মাঠপর্যায়ে গ্রাম পুলিশকে প্রশাসনের প্রথম সারির সহায়ক শক্তি হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।"
জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম সভায় জানান, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় যেকোনো সন্দেহজনক কার্যক্রম দেখলে দ্রুত প্রশাসনকে অবহিত করতে হবে। এছাড়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও পৌর প্রশাসক সীমা শারমিন দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা না করার বিষয়ে সতর্ক করেন।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, গণভোট ঘিরে জনমনে আস্থা তৈরিতে গ্রাম পুলিশের আচরণ ও দায়িত্বশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মতবিনিময় শেষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাম পুলিশ সদস্যদের হাতে লিফলেট তুলে দেন জেলা প্রশাসক। সভায় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।