রংপুর

পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে চিনিকল চালু করা হবে: পঞ্চগড়ে জামায়াত আমির

দেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধার করে বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো পুনরায় সচল করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

পঞ্চগড়-১ ও ২ আসনের প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই সভায় ডা. শফিকুর রহমান বলেন, “বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে নতুন নতুন কল-কারখানা ও মেডিকেল কলেজ স্থাপন করা হবে। ভবিষ্যতে আর কাউকে দেশ লুটপাট করতে দেওয়া হবে না।” উত্তরবঙ্গকে অবহেলার শিকার উল্লেখ করে তিনি বলেন, ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল তারা এই অঞ্চলকে ‘সৎ মায়ের সন্তানের’ মতো দেখেছে। জামায়াত ক্ষমতায় গেলে উত্তরবঙ্গ থেকেই উন্নয়নের সূচনা হবে।

 

বেকারত্ব নিরসনে যুবসমাজকে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে জামায়াত আমির বলেন, “আমরা দয়ার পাত্রমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই। পঞ্চগড়সহ প্রতিটি জেলায় আধুনিক মেডিকেল কলেজ স্থাপন করা হবে যাতে উন্নত চিকিৎসার জন্য কাউকে ঢাকামুখী হতে না হয়।” তিনি আরও যোগ করেন, বৈষম্য, দুর্নীতি ও চাঁদাবাজির অবসান না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

 

বক্তব্য শেষে তিনি পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী সারজিস আলমের হাতে ‘শাপলা কলি’ এবং পঞ্চগড়-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা শফিউল আলম শফিউল্লাহ সুফীর হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দেন।

 

জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারজিস আলম, জাগপার রাশেদ প্রধানসহ স্থানীয় নেতৃবৃন্দ।



সম্পর্কিত খবর