রংপুর

পানিসম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এআই প্রযুক্তিতে তৈরি ভুয়া ভিডিও ছড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের চরিত্র হননের উদ্দেশ্যে তথাকথিত শিবির মিডিয়া সেলে প্রচারিত এআই (AI) প্রযুক্তিতে তৈরি ভুয়া ভিডিও প্রকাশ করে সম্মানহানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

৩০ জুলাই (বৃহস্পতিবার) সকালে দেবীগঞ্জ উপজেলা সদরের বিজয় চত্বরে দেবীগঞ্জ উপজেলার সর্বস্তরের সনাতনী সমাজের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

 

পঞ্চগড় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হরিশ চন্দ্র রায়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মদন মোহন রায়, সুন্দরদীঘি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হরিশ চন্দ্র রায়, চেংঠী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অনীল চন্দ্র রায়, পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনি ভূষণ রায়, দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় ও সাবেক প্রধান শিক্ষক সুসেন চন্দ্র।

 

মানববন্ধনে বক্তারা বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে পরিচালিত মিডিয়া সেলের মাধ্যমে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের চরিত্র হননে এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও বানিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। ছবি ও ভিডিও পর্যালোচনা করলেই স্পষ্ট বোঝা যায়—এতে মাথার অংশ ও শরীরের অংশ আলাদাভাবে জুড়ে দেওয়া হয়েছে, যার সঙ্গে আজাদ ভাইয়ের কোনো মিল নেই।

 

বক্তারা আরও বলেন, “মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সবসময় তাঁর দাপ্তরিক কাজ ও এলাকার উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকেন। তাঁর জনপ্রিয়তা ও সুখ্যাতি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এমন অপচেষ্টা চালানো হচ্ছে।” এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

 

মানববন্ধনে দেবীগঞ্জ উপজেলার দশটি ইউনিয়নের বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী মানুষ অংশ নেন।



সম্পর্কিত খবর