খুলনা

পোস্টার ছেঁড়ার দায়ে আটক তিন কিশোরকে মুক্ত করলেন রাশেদ খাঁন

ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকের পোস্টার ছেঁড়ার অভিযোগে আটক তিন কিশোরকে কোনো আইনি পদক্ষেপ ছাড়াই মুক্ত করেছেন বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খাঁন। শুক্রবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার কুশোবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিন কিশোর পোস্টার ছেঁড়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়লে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে রাশেদ খাঁন দ্রুত থানায় গিয়ে ওই কিশোরদের ভবিষ্যৎ ও বয়সের কথা বিবেচনা করে তাদের বিরুদ্ধে মামলা করতে অস্বীকৃতি জানান। তার বিশেষ অনুরোধে পুলিশ ওই কিশোরদের মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়।

 

এ বিষয়ে রাশেদ খাঁন বলেন, “ওরা সবাই কিশোর, আবেগের বশে ভুল করেছে। সামান্য একটি ভুলের জন্য মামলা দিয়ে তাদের জীবন নষ্ট করতে চাই না। রাজনীতি প্রতিহিংসার নয় বরং সহনশীলতা ও মানবিকতার জায়গা হওয়া উচিত।”

 

থানা থেকে মুক্তি পাওয়া কিশোররা তাদের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে জানায়, কোনো রাজনৈতিক প্ররোচনা ছাড়াই তারা কাজটি করেছিল। তারা ও তাদের পরিবার প্রার্থীর এই মহানুভবতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ঝিনাইদহ সদর থানার পুলিশ জানায়, প্রার্থীর অনাপত্তি ও কিশোরদের ভবিষ্যৎ বিবেচনায় আইনি জটিলতায় না গিয়ে তাদের মুক্তি দেওয়া হয়েছে।



সম্পর্কিত খবর