ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী সমিতির নেতারা পর্যায়ক্রমে তাকে শুভেচ্ছা জানান।
সংবর্ধনা শেষে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে নবনিযুক্ত উপাচার্য বলেন, দেশের অন্যতম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের দায়িত্ব পেয়ে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তিনি বলেন, “গ্লোবাল ভিলেজের সুযোগ কাজে লাগিয়ে শিক্ষা, গবেষণা, প্রকাশনা, উদ্ভাবন এবং ইন্ডাস্ট্রি- অ্যাকাডেমিয়া কোলাবোরেশনের মাধ্যমে ডুয়েটকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।”
তিনি এ লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয় পরিবারের সর্বস্তরের সহযোগিতা কামনা করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৪ মে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ডুয়েটে যোগদানের আগে তিনি North East University Bangladesh-এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবনে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ সিন্ডিকেট সদস্য, অনুষদের ডীন, বিভাগীয় প্রধান ও হল প্রভোস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। এছাড়া Sylhet Engineering College-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০১৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের Texas A&M University-এর মেরি ও’কনর প্রসেস সেফটি সেন্টারে ভিজিটিং রিসার্চ স্কলার হিসেবে কর্মরত ছিলেন।
শিক্ষাজীবনে তিনি ভারতের Sri Venkateswara University College of Engineering থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল ও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর এবং আয়ারল্যান্ডের Dublin City University থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। গবেষণা ক্ষেত্রেও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। দেশি-বিদেশি পিয়ার-রিভিউড জার্নালে তার ৩৫টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে ৯০টির বেশি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন তিনি।
অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল আরগোনোমিক্স অ্যান্ড হিউম্যান ফ্যাক্টরস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল ও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং পরিবেশবিষয়ক গবেষণায় বিশেষ অবদান রেখেছেন। গবেষণা ও একাডেমিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তিনি Industrial Engineering and Operations Management Society International থেকে ‘ডিস্টিংগুইশড প্রফেসর অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড’সহ একাধিক আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন।