রাজনীতি

ফ্যাসিস্ট হাসিনা দেশকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল: যুবদল সাধারণ সম্পাদক

নীলফামারীতে যৌথসভায় বক্তব্য রাখছেন যুবদল সাধারণ সম্পাদক

ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগের অত্যাচার-নির্যাতনে দেশের বিচারকরাও দেশত্যাগে বাধ্য হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, সাংবাদিক সাগর-রুনি থেকে শুরু করে এমন কোন পেশার লোক নেই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাত থেকে কেউ রেহাই পেয়েছে। মানুষের স্বাভাবিক জীবনকে ধবংস করে দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা। গত ১৭ বছরে বিএনপির অগণিত নেতা-কর্মীদের ওপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতনের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার নীলফামারী ও সৈয়দপুর রাজনৈতিক জেলা আয়োজিত দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভায় যুবদলের সাধারণ সম্পাদক এ কথা বলেন। 

‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’-স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক এই যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ফ্যাসিস্ট মাফিয়া সরকার ১৭ বছরে দেশকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার খুনি সরকারের পতনের পথ সেই অত্যাচারীরা নিজেরাই এলাকা থেকে পালিয়ে গেছে। এটা থেকেই বোঝা যায়, তারা কী পরিমাণ অত্যাচার-নির্যাতন করেছে মানুষের ওপর।

তিনি যুবদল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দল ভারি করার জন্য ফ্যাসিস্টের দোসরদের আশ্রয় দেয়া যাবে না।  যারা দিবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কেউ কোন অবস্থাতেই মোটরসাইকেলের শোভাযাত্রা করা যাবে না। কোন প্রকার লুটপাট চাঁদাবাজিতে জড়িয়ে পড়া যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা ‘জিরো টলারেন্স’ দেখাব এখানে।

নয়ন বলেন, গণ-অভ্যুত্থানের মাহাত্ম্যকে সফল করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও আন্তরিক হতে হবে। সরকারের প্রতি তিনি বলেন, সব রাজনৈতিক, মিথ্যা, সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গুম-খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এসময় যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 



সম্পর্কিত খবর