বরিশাল

বাউফলের অসুস্থ শহিদুলের পাশে মার্কেন্টাইল ব্যাংক, চিকিৎসার জন্য ১ লাখ টাকা অনুদান

পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নের বাসিন্দা দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত অসুস্থ মো. শহিদুল ইসলামের পাশে দাঁড়িয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। তাঁর উন্নত চিকিৎসার জন্য ব্যাংকের পক্ষ থেকে এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

 

জানা গেছে, কালাইয়া ইউনিয়নের বাসিন্দা মো. শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। তিনি পেশায় ছিলেন একজন রাজমিস্ত্রি। কিন্তু অর্থাভাবের কারণে প্রয়োজনীয় ও ব্যয়বহুল চিকিৎসা (রিং বসানো) করাতে পারছিলেন না। নিরুপায় হয়ে তিনি সাহায্যের জন্য মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক এ. এস. এম. ফিরোজ আলমের কাছে আবেদন জানান। তাঁর এই মানবিক আবেদনে সাড়া দিয়ে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য এক লাখ টাকার চেক অনুমোদন করেন ব্যাংক পরিচালক।

 

আজ সোমবার দুপুর ১২টার দিকে মার্কেন্টাইল ব্যাংকের কালাইয়া শাখায় আনুষ্ঠানিকভাবে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়। ব্যাংকের পরিচালক এ. এস. এম. ফিরোজ আলমের পক্ষে চেকটি শহিদুল ইসলামের হাতে তুলে দেন কালাইয়া শাখার ব্যবস্থাপক ও ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আল মামুন।

 

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক কালাইয়া শাখার এক্সিকিউটিভ অফিসার মো. ইমাম হোসেন ও মোহাম্মদ ফাইজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

কৃতজ্ঞতা প্রকাশ করে শহিদুল ইসলাম বলেন, "টাকার অভাবে যখন আমি চিকিৎসা করাতে পারছিলাম না, তখন নিরুপায় হয়ে মার্কেন্টাইল ব্যাংকের কালাইয়া শাখায় আসি। ব্যাংকের ম্যানেজার সাহেব আমাকে চেয়ারম্যান বরাবর একটি আবেদন করার পরামর্শ দেন। সেই আবেদনের প্রেক্ষিতে বিষয়টি ব্যাংকের পরিচালকের নজরে আসায় আজ আমি এই এক লাখ টাকা হাতে পেলাম। এই টাকা দিয়ে আমি আমার আগামী দিনের চিকিৎসা সুন্দরভাবে সম্পন্ন করতে পারব।" বিপদে পাশে দাঁড়ানোর জন্য তিনি মার্কেন্টাইল ব্যাংকের পরিচালকসহ সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। ব্যাংকের এমন মানবিক উদ্যোগ স্থানীয় মহলেও বেশ প্রশংসিত হয়েছে।



সম্পর্কিত খবর