বরিশাল

বাবা-মা হারা তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ব্যাংক হিসাবে জমা হলো ১২ লাখ টাকা

বাউফলে তিন প্রতিবন্ধী ভাই নিদু, রিপন ও সাধনের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুরে সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে এই তিন ভাইয়ের একটি যৌথ ব্যাংক হিসাব খুলে দেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালেহ আহমেদ। একই সঙ্গে অসহায় পরিবারটির মাঝে এক মাসের খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়।

 

প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অগ্রণী ব্যাংক বাউফল শাখায় তিন ভাইয়ের নামে এই যৌথ হিসাবটি খোলা হয়েছে, যার নম্বর: ০২০০০২৫৮৪৫৪৮৮। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে তাদের অসহায়ত্বের খবর ছড়িয়ে পড়ার পর দেশ-বিদেশ থেকে মানবিক মানুষরা বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্টে সহায়তার হাত বাড়িয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাংক হিসাবটিতে এখন পর্যন্ত ১১ লাখ ৭৬ হাজার ২৮১ টাকা জমা হয়েছে।

 

ওই দিন বিকেলে উপজেলার ধূলিয়া ইউনিয়নের আলোকচাঁদকাঠী গ্রামে ওই তিন ভাইয়ের বাড়িতে গিয়ে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। তিন ভাইয়ের নামে খোলা এই যৌথ হিসাবটি যৌথভাবে পরিচালনা করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা। ভুক্তভোগী ভাইদের দৈনন্দিন প্রয়োজন ও চাহিদা অনুযায়ী এই হিসাব থেকে টাকা তুলে তাদের হাতে দেওয়া হবে। এ ছাড়া ভবিষ্যতে প্রশাসনের এই দেখভাল যেন ব্যাহত না হয়, সেজন্য উপজেলা কার্যালয়ে একটি স্থায়ী সরকারি নথি (ফাইল) সংরক্ষণ করা হয়েছে; যাতে পরবর্তী সময়ে নতুন কোনো কর্মকর্তা এলেও এই পরিবারটির প্রতি বিশেষ নজর রাখতে পারেন।

 

এই মানবিক উদ্যোগের নেপথ্যে ছিলেন স্থানীয় কলেজ শিক্ষার্থী অমিত। তিনি প্রথমে এই অসহায় পরিবারটির দুঃখ-দুর্দশার কথা ইউএনও মো. সালেহ আহমেদকে জানান। বিষয়টি জানার পরপরই ইউএনও তাৎক্ষণিকভাবে পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরীর পরামর্শ ও নির্দেশনায় তাদের নগদ অর্থ এবং জরুরি খাদ্যসহায়তা প্রদান করেন। পাশাপাশি অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে তাদের সরকারি প্রতিবন্ধী ভাতার আওতাভুক্ত করার নিশ্চয়তা দেন।

 

অসহায় তিন ভাইয়ের পাশে জেলা ও উপজেলা প্রশাসনের দাঁড়ানোর এই অনন্য দৃষ্টান্ত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাড়ম্বরে প্রচার হওয়ার পর, সমাজের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সাধারণ মানুষ দলমত-নির্বিশেষে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।



সম্পর্কিত খবর