বরিশাল

বামনায় ইউএনও নিকহাত আরার পরিদর্শন গতি ফিরছে স্থানীয় উন্নয়ন প্রকল্পে

বরগুনার বামনা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারের চলমান উন্নয়নমূলক প্রকল্প নিবিড়ভাবে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ নিকহাত আরা। মাঠ পর্যায়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের গতি ত্বরান্বিত করতে এবং কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে তার এই নিয়মিত পরিদর্শনের ফলে স্থানীয় প্রকল্পগুলোতে ব্যাপক তোড়জোড় লক্ষ করা যাচ্ছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, যোগদানের পর থেকেই জনবান্ধব এই কর্মকর্তা বামনা উপজেলার অবহেলিত জনপদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি উপজেলার বিভিন্ন মেগা প্রকল্প ও স্থানীয় সরকারের আওতাধীন রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং গ্রামীণ অবকাঠামো সংস্কার কাজ সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের কঠোর নির্দেশ দেন। উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনের পাশাপাশি ইউএনও মোসাঃ নিকহাত আরা বিভিন্ন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন ভূমি অফিস এবং ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রগুলোও পরিদর্শন করেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। মাঠ পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত সরকারি সেবা পৌঁছে দিতে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে তিনি নিয়মিত গণশুনানির ওপর জোর দিচ্ছেন। তা ছাড়া, বামনা উপজেলাকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে মাদক, যৌতুক, বাল্যবিবাহ এবং ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন ও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। তিনি বামনা থানা সড়কের আরসিসি রাস্তার কাজ পরির্দশনে এসে কাজের গুনগত মান খুবই ভালো বলে জানান এবং স্থানীয় ঠিকাদার মেসার্স আকন ট্রেডিং প্রোপাইটর মোঃ আবুল কালাম আজাদকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি প্রশাসনিক ক্ষেত্রে এমন স্বচ্ছতা, জবাবদিহিতা ও মাঠ প্রশাসনে সফল ভূমিকার কারণে সম্প্রতি তিনি বরগুনা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মনোনীত হয়েছেন। বিষয়ে জানতে চাইলে ইউএনও মোসাঃ নিকহাত আরা বলেন, "এই অর্জন আমার একার নয়, এটি বামনাবাসীর সম্মান। কাজের প্রতি আমার দায়িত্বশীলতা আরও বৃদ্ধি পেয়েছে। সরকারের উন্নয়ন কর্মসূচি যেন তৃণমূলের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছায় এবং শতভাগ স্বচ্ছতার সাথে কাজ সম্পন্ন হয়, সেজন্য আমার এই মাঠ পর্যায়ের পরিদর্শন ও তদারকি নিয়মিত অব্যাহত থাকবে।"ইউএনও-এর এমন কর্মতৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন উপজেলার সচেতন নাগরিক সমাজ ও স্থানীয় সাধারণ জনগণ। 

 



সম্পর্কিত খবর