বামনায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পকে রাজস্ব খাতে স্থানান্তরসহ চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. নিকহাত আরার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন প্রকল্পের শিক্ষকেরা।
১৮ মে সোমবার সকাল ১০টায় বরগুনার বামনা উপজেলা চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে লিখিত বক্তব্যের মাধ্যমে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মাউশিক) শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মো. বাকাবিল্লাহ। তিনি বলেন, ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে চালু হওয়া এ প্রকল্প ইতোমধ্যে সাতটি পর্যায় সফলভাবে শেষ করে বর্তমানে অষ্টম পর্যায়ে চলমান রয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত প্রথম থেকে ষষ্ঠ পর্যায়ে প্রায় ২ কোটি ১৫ লাখ ৯ হাজার ৯৫০ জন এবং সপ্তম পর্যায়ে ১ কোটি ২১ লাখ ৫১ হাজার শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান বলেন, বর্তমানে এ প্রকল্পে ৭১ হাজার ৯৪৯ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরে তাঁরা স্বল্প ভাতা ও অনিশ্চিত জীবনের মধ্য দিয়ে দায়িত্ব পালন করছেন। অথচ পাঠদানের পাশাপাশি জাকাত সংগ্রহে উদ্বুদ্ধকরণ, মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস ও দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়নসহ সরকারের বিভিন্ন কর্মসূচি বিনা পারিশ্রমিকে জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন তাঁরা। তাই এই মানবিক দিক বিবেচনা করে প্রকল্পটিকে দ্রুত রাজস্ব খাতে নেওয়ার দাবি জানান তাঁরা।