বরগুনার বামনায় যথাযথ নিয়মে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণের উদ্দেশ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৩ মে শনিবার সকাল ১০টায় বামনা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া যেন অসচেতনতা বা নিয়মের অভাবে নষ্ট না হয় এবং ধর্মীয় ও বৈজ্ঞানিক বিধি মেনে কীভাবে পশু জবাই ও চামড়া সংরক্ষণ করা যায়, সেই উদ্দেশ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নিকহাত আরার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বাদল চন্দ্র বর্মন। এতে উপস্থিত ছিলেন বামনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সাইফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. আল আমিন মিয়া, সদর জামে মসজিদের ইমাম হাফেজ মো. আনিসুল হক, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মো. মফিজুল ইসলাম, সোনালী বায়তুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সাইদুর রহমান ও উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সজিব হোসেন মুন্নাসহ প্রমুখ।
বক্তারা বলেন, কোরবানির চামড়া আমাদের জাতীয় অর্থনীতিতে একটি বড় অবদান রাখে। কিন্তু সঠিক নিয়মে পশু জবাই না করা এবং চামড়া ছাড়ানো ও সংরক্ষণে অসচেতনতার কারণে প্রতি বছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায়। সামান্য কিছু নিয়ম মেনে চললে এই অপচয় রোধ করা সম্ভব।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইমাম, খতিব, মৌলভি, কসাই এবং স্থানীয় চামড়া ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সঠিক পদ্ধতিতে পশু জবাই ও চামড়া লবণের মাধ্যমে সংরক্ষণের নানাবিধ কৌশল হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।