বরগুনার বামনা উপজেলার কলাগাছিয়া লঞ্চঘাট থেকে দক্ষিণ রামনা খেয়াঘাট হয়ে কাকচিড়ার উত্তর গুদিঘাটা পর্যন্ত ব্লক প্রকল্প অনুমোদন হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তির হাওয়া বইছে। দীর্ঘদিনের জনদুর্ভোগ, নদীভাঙন ও যোগাযোগ সংকট নিরসনে এ উদ্যোগকে স্থানীয়রা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।
স্থানীয়দের মতে, এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়; বরং নদীভাঙন রোধ, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং উপকূলীয় এলাকার টেকসই উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সাধারণ মানুষ দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নেও ইতিবাচক পরিবর্তন আসবে।
এ উন্নয়ন কার্যক্রমের জন্য জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ আলহাজ নূরুল ইসলাম মণি এবং বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র সদস্য আলহাজ রুহুল আমিন শরীফের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (১৫ মে ২০২৬) সকাল সাড়ে ১০টায় দক্ষিণ রামনা এলাকা পরিদর্শন করেন বরগুনা পানি উন্নয়ন বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ আবদুল হান্নান। পরে তিনি ট্রলারযোগে বেতাগী উপজেলার কালিকাবাড়ী, বলইবুনিয়া বেড়িবাঁধ, রামনা লঞ্চঘাটসহ প্রকল্পের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বরগুনা পানি উন্নয়ন উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. শওকত ইকবাল মেহেরোজ, পাথরঘাটা পানি উন্নয়ন উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. ওমর ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন হাওলাদার।
পরিদর্শনকালে বক্তব্য দেন বিশিষ্ট শিল্পপতি ও উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র সদস্য আলহাজ রুহুল আমিন শরীফ। তিনি বলেন, “উপকূলীয় জনগণের দীর্ঘদিনের কষ্ট লাঘবে এ প্রকল্প দ্রুত বাস্তবায়ন অত্যন্ত জরুরি।”
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত কাজ বাস্তবায়নের মাধ্যমে কলাগাছিয়া থেকে দক্ষিণ রামনা হয়ে কাকচিড়ার উত্তর গুদিঘাটা পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং বিষখালী নদীর ভাঙনের ঝুঁকি অনেকাংশে কমে আসবে।