খেলাধুলা

বিসিবি নির্বাচনে বাধা নেই

আগামী ৭ জুন বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে বিসিবি নির্বাচনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপি, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান। এর আগে মঙ্গলবার বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকা তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ৬ জন কাউন্সিলর এ রিট দায়ের করেন। গত ১৬ মে এক বিজ্ঞপ্তিতে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন–২০২৬ এর তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। বিজ্ঞপ্তিতে ৭ জুন পরিচালনা পরিষদ নির্বাচন এবং সেদিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

গত ১৭ মে বিকেল চারটায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নেও দুজন পরিচালক হবেন। ২৫ পরিচালকের ভোটে একজন সভাপতি নির্বাচিত হবেন। বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের সার্বিক দায়িত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনার। গত ১৩ মে গঠিত নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক এবং সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন। এদিকে : আইসিসির দুই প্রতিনিধি দক্ষিণ আফ্রিকার ড. মোহাম্মদ মোসাজে ও জিম্বাবুয়ের তাভেংওয়া মুকুলানি ঢাকায় এসেছেন গতকাল। আজ সকালে তাঁরা বৈঠক করেছেন আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিগত বোর্ডের চার পরিচালক আসিফ আকবর, আহসান ইকবাল চৌধুরী, এম নাজমুল ইসলাম ও হাসানুজ্জামানের সঙ্গে। বৈঠকে ৭ জুন অনুষ্ঠেয় বিসিবির নির্বাচনকে স্বীকৃতি না দিতে আইসিসি প্রতিনিধিদলের কাছে দাবি জানিয়েছেন তাঁরা। সভার পর নিজেদের বিসিবির ‘নির্বাচিত নেতৃত্ব’ দাবি করে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁরা বলেন, আইসিসির দুই প্রতিনিধির ঢাকায় আসা নিয়ে বর্তমান বোর্ড বিভ্রান্তিকর দাবি করেছে। গত ৩১ মে বিসিবি জানিয়েছিল, নির্বাচনব্যবস্থার সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠকে বসতে ঢাকায় আসছেন আইসিসির প্রতিনিধিরা। সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, নির্বাচন পর্যবেক্ষণ করতে নয়, বিসিবির বর্তমান পরিচালনব্যবস্থা দেখতেই ঢাকায় এসেছেন আইসিসির দুই প্রতিনিধি। আজকের বৈঠকে আইসিসির প্রতিনিধিরাই নাকি জানিয়েছে, তারা মূলত তথ্য-অনুসন্ধানকারী দল। বিসিবির নির্বাচন তদারকি বা পর্যবেক্ষণের দায়িত্ব আইসিসি তাদের দেয়নি।

 

বৈঠকে আইসিসির প্রতিনিধিদের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন আমিনুলের বোর্ডের পরিচালকেরা। তার মধ্যে আছে বিসিবির পরবর্তী নির্বাচনকে স্বীকৃতি না দেওয়ার দাবিও। এ ছাড়া ঢাকায় আসা প্রতিনিধিদল যেন বিবৃতি দিয়ে জানায় যে তারা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে এখানে আসেনি, জানানো হয়েছে সে দাবিও। ৭ জুন অনুষ্ঠেয় বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিনিধিদল গতকাল কথা বলেছে বিসিবির নির্বাচন কমিশনের সঙ্গেও। এর আগে পরশু তাঁরা সভায় বসেছিলেন বিসিবির অন্তর্বর্তী কমিটির প্রধান তামিম ইকবাল ও সদস্য ফাহিম সিনহার সঙ্গে।

 

 

 



সম্পর্কিত খবর