নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে খাদ্যপণ্য তৈরিতে ইউরিয়া সার ব্যবহারের অভিযোগে এক বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বেকারিতে ব্যবহৃত প্রায় ৮০ লিটার নিম্নমানের ও পুরোনো তেল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বুধবার (১০ জুন) নরসিংদীর ইটাখোলা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইটাখোলা মোড় সংলগ্ন একটি বেকারিতে অভিযান চালিয়ে খাদ্য প্রস্তুতের কাজে ইউরিয়া সার ব্যবহারের ঘটনা ধরা পড়ে। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এ অপরাধের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বেকারিতে খাদ্য তৈরির কাজে ব্যবহৃত প্রায় ৮০ লিটার নিম্নমানের ও দীর্ঘদিনের পুরোনো তেল জব্দ করা হয়। পরে জনস্বার্থে তেলগুলো ধ্বংস করা হয়।
এছাড়া সড়কে পৃথক অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৬টি মামলায় মোট ৪ হাজার টাকা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী ১টি মামলায় ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
সব মিলিয়ে ৮টি মামলায় মোট ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. খালিদ হোসেন শিমুল। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিফ ও আসাদ উপস্থিত ছিলেন।
অভিযান শেষে মো. খালিদ হোসেন শিমুল বলেন, “খাদ্যে ভেজাল ও ক্ষতিকর উপাদান ব্যবহার করে জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেললে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “ব্যবসায়ীদের আইন মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির আহ্বান জানানো হচ্ছে। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ভবিষ্যতেও জোরদারভাবে পরিচালিত হবে।”