জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
শেরে বাংলা নগরে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলে অংশ নেন। একই স্থানে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং দেশের উচ্চশিক্ষা বিস্তারে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা বলেন, সারা দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে জাতীয় বিশ্ববিদ্যালয় যে ভূমিকা রেখে চলেছে, তা তাঁর দূরদর্শী নেতৃত্বের ফল।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান ও অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাফরুল আযম, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে কার্যক্রম সমাপ্ত করা হয়।