ধান চাষে সারের খরচ কমাতে এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও এসিআই পিএলসি’র মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) গাজীপুরে ব্রি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ব্রি অর্গানিক ফার্টিলাইজার’ উৎপাদন ও বাজারজাতকরণের লক্ষ্যে এই চুক্তি সই হয়।
চুক্তিতে ব্রির পক্ষে মহাপরিচালক ড. মো. খালেকুজ্জামান এবং এসিআই পিএলসি’র পক্ষে গ্রুপ অ্যাডভাইজার ড. ফা হ আনসারী স্বাক্ষর করেন। সংশ্লিষ্টরা জানান, এই জৈব সারের ব্যাপক ব্যবহার নিশ্চিত করা গেলে জাতীয় পর্যায়ে ইউরিয়া সারের ব্যবহার প্রায় ৩০ শতাংশ কমানো সম্ভব হবে এবং ফসফেট সারের প্রয়োজনীয়তা সম্পূর্ণ নিরসন হবে। এতে সরকারের বিশাল অঙ্কের সার ভর্তুকি সাশ্রয় হবে।
অনুষ্ঠানে ব্রির মহাপরিচালক ড. মো. খালেকুজ্জামান বলেন, “আমাদের উদ্ভাবিত এই প্রযুক্তি এসিআইয়ের বিপণন ব্যবস্থার মাধ্যমে দ্রুত কৃষকদের কাছে পৌঁছাবে। এটি ধান উৎপাদনের খরচ কমিয়ে কৃষকদের আর্থিকভাবে লাভবান করবে এবং মাটির মান রক্ষা করবে।”
ব্রি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগ জানায়, পচনশীল বর্জ্য, রক ফসফেট ও বায়োচারের সমন্বয়ে ১০টি উপকারী ব্যাকটেরিয়া ব্যবহার করে এই সার উদ্ভাবন করা হয়েছে। এটি মাটির জৈব কার্বন ও পানি ধারণক্ষমতা বৃদ্ধি করে। ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্রির পরিচালক ড. মুন্নুজান খানমসহ উর্ধ্বতন বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।