খুলনা

ভারতে বসে ভার্চ্যুয়াল জুম মিটিংয়ে কালীগঞ্জের আ’লীগ নেতাকর্মীদের সাথে শেখ হাসিনার কথা

নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ভার্চ্যুয়াল বৈঠক করেছেন। গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মোবাইলে জুম অ্যাপের মাধ্যমে যুক্ত হয়ে তিনি ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলেন। এ সময় কালীগঞ্জের প্রায় অর্ধশত নেতাকর্মী ওই বৈঠকে অংশ নেন।

বৈঠকে শেখ হাসিনা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মৃত্যুতে শূন্য হওয়া পদে দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি শামীম আরা মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনের নির্দেশ দেন। শামীম আরা মান্নান প্রয়াত সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মান্নানের সহধর্মিণী। এদিকে পলাতক অবস্থায় ভারতে বসে কালীগঞ্জের আওয়ামী লীগ নেতাদের সাথে এই ভার্চ্যুয়াল বৈঠক করা নিয়ে সরকারের গোয়েন্দা বিভাগ ও পুলিশ প্রশাসনের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নিষিদ্ধ ঘোষিত দলের কয়েকজন নেতা জানান, হঠাৎ করেই গত বৃহস্পতিবার দুপুরে তাদের নেত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়াল জুম মিটিং করেন। এ সময় তিনি নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শোনেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা ওই বৈঠকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় প্রায় অর্ধশত নেতাকর্মী অংশ নেন। মিটিংয়ের মাধ্যমেই তিনি সভাপতির শূন্য পদে জ্যেষ্ঠ সহ-সভাপতি শামীম আরা মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে দল গোছানোর নির্দেশনা দেন।

শেখ হাসিনার সাথে জুম মিটিং করার বিষয়টি জানতে নিষিদ্ধ ঘোষিত কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেনসহ শীর্ষ কয়েকজন নেতার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, শেখ হাসিনা জুম মিটিং করেছেন—এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তাদের নজরে এসেছে। তবে কখন ও কোথায় বসে এই বৈঠক করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।



সম্পর্কিত খবর