ঢাকা

ভারতের মুসলিম নির্যাতনের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ভারতের পশ্চিমবঙ্গ ও আসামসহ বিভিন্ন অঞ্চলে মুসলিম নির্যাতনের প্রতিবাদ এবং যুক্তরাষ্ট্রের সাথে ভারতের বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নরসিংদীর পলাশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৫ মে) বাদ জুমা ‘আল-খিদমাহ উলামা পরিষদ পলাশ’-এর উদ্যোগে শত শত ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

 

ঘোড়াশাল পৌরসভার পলাশ বাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের প্রধান ফটকের সামনে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

 

আল-খিদমাহ উলামা পরিষদ পলাশ শাখার সহসভাপতি মাওলানা নোমানুল করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক মুফতি ইউসুফ, প্রচার সম্পাদক কারি ইসমাইল হোসাইন হাসিমী, অর্থ সম্পাদক মাওলানা আলী হোসেন, মুফতি জুনাইদ ও মাওলানা আরিফুল ইসলাম।

 

এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ শাখার সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, নরসিংদী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন মিকয়ান এবং জাতীয় অধিকার মঞ্চ কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক জিয়াউর রহমান জয়সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

 

বক্তারা অভিযোগ করে বলেন, ভারতের পশ্চিমবঙ্গ, আসামসহ বিভিন্ন রাজ্যে উগ্র হিন্দুত্ববাদীদের মাধ্যমে পরিকল্পিতভাবে মুসলমানদের ওপর নির্যাতন ও নিপীড়ন চালানো হচ্ছে। তাঁরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

 

সমাবেশ থেকে বাংলাদেশ সরকারের প্রতিও বিভিন্ন দাবি জানানো হয়। বক্তারা বলেন, বিশ্বের যেখানেই মুসলমানরা নির্যাতনের শিকার হবে, মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে তার প্রতিবাদ জানাতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের চলমান বাণিজ্য চুক্তি বাতিল বা স্থগিতের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার আহ্বান জানান তাঁরা।

 

সমাবেশ শেষে নির্যাতিত মুসলিম জনগোষ্ঠী ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা ও ঐক্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল।



সম্পর্কিত খবর