ভোটের সততা ও স্বচ্ছতা নিশ্চিত করতে কোনো ধরনের আপস করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষা সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কেউ যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করলে তাঁর ভোট বাতিল হয়ে যাবে। তিনি বলেন, “প্রবাসীদের পোস্টাল ব্যালট এবং সাধারণ ব্যালট একই সময়ে গণনা করা হবে। প্রতিটি ব্যালটে ১১৯টি প্রতীক থাকায় পোস্টাল ব্যালট গণনায় সময় লাগতে পারে, তবে এজেন্টদের প্রতীক নিশ্চিত করেই গণনা সম্পন্ন করতে হবে।”
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের অধীর আগ্রহকে সম্মান জানিয়ে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে হবে। কোনো দুষ্ট চক্র যেন ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিতে না পারে, তা নিশ্চিত করার জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দেন। ডাক বিভাগের মাধ্যমে প্রবাসীদের ভোট সরাসরি রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসারসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।