ঝিনাইদহের মহেশপুরে ইজারা নেওয়া সরকারি হাট থেকে খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হাটের ইজারাদার আতিকুর রহমান লেন্টু।
সোমবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ইজারাদার লেন্টু অভিযোগ করেন, মহেশপুর উপজেলার গৌরিনাথপুর ও আদমপুর হাট সরকারি টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ইজারা পান। কিন্তু এখন খাজনা আদায় করতে গেলে স্থানীয় প্রভাবশালী ইসমাইল হোসেন, সোহাগ সরকার ও ফারুক হোসেন তাতে বাধা দিচ্ছেন। পাশাপাশি তারা ব্যবসায়ী ও কৃষকদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করছেন।
ইজারাদার লেন্টু আরও অভিযোগ করেন, হাটে আমার মনোনীত ব্যক্তি খাজনা আদায় করতে গেলে তাকে মারধর করা হচ্ছে। প্রতিবাদ করলে উল্টো হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সরকারের উপপরিচালকের বরাবর অভিযোগ দিয়েও কোনো সুরাহা হয়নি। তিনি সরকারিভাবে পাওয়া হাটের ইজারা আদায়ে প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে অভিযুক্ত সোহাগ সরকার বলেন, “আমরা টাকা আদায় করছি না। হাটের আড়তদাররা কমিশন নিচ্ছে।”