চট্টগ্রাম প্রতিদিন

মাটিরাঙায় দুই শতাধিক মানুষের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

খাগড়াছড়ির মাটিরাঙায় দুর্গম এলাকার পাহাড়ি ও বাঙালি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ঔষধ প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ শনিবার (১০ জানুয়ারি) সকালে গুইমারা রিজিওনের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে ওয়াছু এলাকায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রেজবী দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করেন। এসময় অসহায় ও দুস্থ রোগীদের মাঝে প্রয়োজনীয় ঔষধও বিনামূল্যে বিতরণ করা হয়।

 

কার্যক্রম চলাকালীন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান। তিনি বলেন, "এখন থেকে প্রতি শনিবার মাটিরাঙ্গার বিভিন্ন জনবহুল এলাকায় আমাদের এই চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।"

 

পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে জোন অধিনায়ক আরও বলেন, "পাহাড়ে বসবাসরত পাহাড়ি ও বাঙালিদের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সত্যিই প্রশংসনীয়। এই সুসম্পর্ক বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা সাধারণ মানুষের পাশে থাকবে।"

 

দুর্গম এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসক ও বিনামূল্যে ঔষধ পাওয়ায় স্থানীয় উপকারভোগীরা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



সম্পর্কিত খবর