নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাঁকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউল্লাহর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারেকের বয়স ৩০ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারেকের বিরুদ্ধে মাদক সেবনের টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর চাপ সৃষ্টি এবং টাকা না পেলে বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁর এমন আচরণে পরিবারের সদস্যরা অতিষ্ঠ ছিলেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তাঁর বাবা অলিউল্লাহর বিরুদ্ধে।
ঘটনার খবর পেয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ নিহত তারেকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা অলিউল্লাহ পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
তবে কী কারণে এবং কী পরিস্থিতিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।