নরসিংদীর মাধবদীতে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে শাহজাহান মিয়া (৫০) নামে এক গৃহকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় পরিবারের আরও একজন সদস্য আহত হয়েছেন। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
শুক্রবার (১৭ জুলাই) দিবাগত গভীর রাতে মাধবদী থানার বলবর্দী এলাকায় শাহজাহান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল বাড়িটিতে হানা দেয়। পরিবারের সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই শাহজাহান মিয়ার মৃত্যু হয়। এ সময় পরিবারের আরও একজন সদস্য আহত হন।
ডাকাতরা প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে বাড়িতে তাণ্ডব চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, মাধবদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তারা জানান, গত ১০ জুলাই মাধবদীর কাঠালিয়া এলাকায় একই রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সে সময় বিএনপির সাবেক এক সভাপতির ছেলে শাহাদাতের বাড়ি থেকে নগদ ২ লাখ টাকা ও ৪৩ ভরি স্বর্ণালংকার লুট করা হয়। ওই ঘটনার আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ডাকাতদের দৌরাত্ম্য আরও বেড়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।
এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মাধবদী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, "নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।"