যশোর আদালত চত্বরে দীর্ঘদিনের প্রেমিকাকে জোরপূর্বক সিঁদুর পরানোর ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই নাটকীয় ঘটনার পর ক্ষুব্ধ তরুণী ও যুবকের মধ্যে ধস্তাধস্তির সৃষ্টি হলে পুলিশ তাদের হেফাজতে নেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাগুরা জেলার শালিখা উপজেলার এক তরুণীর সাথে যশোরের বাঘারপাড়া উপজেলার এক যুবকের দীর্ঘ ৯ বছরের প্রেমের সম্পর্ক ছিল। বিকেলে তারা আদালত চত্বরে অবস্থানকালে হঠাৎ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে যুবকটি তার কাছে থাকা কৌটা থেকে সিঁদুর বের করে আচমকা তরুণীর সিঁথিতে পরিয়ে দেন। এতে তরুণী ক্ষোভে ফেটে পড়েন এবং দুজনের মধ্যে প্রকাশ্য হাতাহাতি শুরু হয়।
আদালত চত্বরে বিশৃঙ্খলা দেখে এক আইনজীবী পুলিশকে খবর দেন। পরে আদালতের পুলিশ পরিদর্শক মো. ইমদাদুল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাদের উদ্ধার করে সাধারণ নিবন্ধন কর্মকর্তার (জিআরও) কক্ষে নিয়ে যান।
আদালতের পুলিশ পরিদর্শক মো. ইমদাদুল হক বলেন, "পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আইনশৃঙ্খলা রক্ষার্থে দুজনকে হেফাজতে নেওয়া হয় এবং পরে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।"
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, আটক যুবক ও তরুণীকে থানায় এনে তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। উভয় পক্ষের কথা শুনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।