খুলনা

যশোর রেজিস্ট্রি অফিসে আগুন: পুড়ল দুইশ বছরের পুরনো গুরুত্বপূর্ণ দলিল

যশোরের জেলা রেজিস্ট্রি অফিসের পুরনো ভবনের রেকর্ড রুমে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে ১৭৪১ সাল থেকে ১৯৪০ সাল পর্যন্ত প্রায় দুইশ বছরের পুরনো অমূল্য দলিলপত্র ও রেকর্ড বই পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সংঘটিত এই অগ্নিকাণ্ডে ঐহিতাসিক ভলিউম বুক, বালাম ও সূচিপত্রসহ অসংখ্য গুরুত্বপূর্ণ নথি ধ্বংস হয়।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে কক্ষের ভেতরে থাকা অধিকাংশ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ বলেন, "আমরা ঘটনাস্থলে পৌঁছে ভবনের গেটে তালাবদ্ধ পাই। ভেতরে কোনো কর্মী ছিলেন না। তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আমাদের আগুন নেভাতে হয়েছে।"

 

ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক রহস্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, যে পুরনো ভবনটিতে আগুন লেগেছে সেখানে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না। ফলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সম্ভাবনা নাকচ করে দিচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। এছাড়া ঘটনার সময় দায়িত্বরত নৈশপ্রহরী হিরাকে কর্মস্থলে পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে।

 

যশোর দলিল লেখক সমিতির সভাপতি সোহরাব হোসেন জানান, এই রেকর্ড রুমে যশোর ও পার্শ্ববর্তী অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন নথিপত্র সংরক্ষিত ছিল। অবশিষ্ট যেসব কাগজপত্র রয়েছে, সেগুলোও অগ্নিনির্বাপণের সময় ব্যবহৃত পানিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে কি না, তা নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।



সম্পর্কিত খবর