খুলনা

যশোরে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

যশোর পৌর এলাকায় ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

 

শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী নিজে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পুকুরে নেমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।

 

এ সময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিস্তার ঠেকাতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেক সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ থেকে যশোর পৌর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হলো।

 

প্রতিমন্ত্রী বলেন, "আমরা যদি আমাদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে পারি, তাহলে ডেঙ্গু ও চিকনগুনিয়াসহ অনেক রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পাব।"

 

এই কার্যক্রমকে শুধুমাত্র আনুষ্ঠানিকতার মোড়কে আবদ্ধ না রেখে চলমান রাখার জন্য প্রশাসনকে নির্দেশ দেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জেলা প্রশাসন ও যশোর পৌরসভার সহযোগিতায় যশোর ইনস্টিটিউট এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করে।

 

এ সময় সেখানে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর